বাড়িবাংলাদেশনাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জাতীয় ডেস্ক: তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি ঘটলেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা এবং শক্তিশালী আইনি কাঠামোর অনুপস্থিতির কারণে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বর্তমানে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয় শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সাধারণ নাগরিকদের জাতীয় পরিচয়পত্রসহ সমস্ত গোপনীয় তথ্য হ্যাক হওয়ার মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি নিছক কোনো ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নয়, বরং সরাসরি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বাধীনতার ওপর এক মারাত্মক আঘাত বলে তিনি উল্লেখ করেন।

দেশের উপযুক্ত সাইবার আইন এবং সঠিক প্রযুক্তিগত ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের গোপনীয়তা এভাবে লঙ্ঘিত হতো না বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করছে এবং প্রবাসেও বহু দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ সুনামের সঙ্গে কাজ করছেন। রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো এই মেধাবী মুখগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা বলয় শক্তিশালি করা। অন্যথায় বিদেশি শক্তিগুলো সহজেই এ দেশের নাগরিকদের সমস্ত তথ্য হাতিয়ে নিয়ে নিজেদের কৌশল ও নীতি অনুযায়ী তা ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বলে তিনি সতর্ক করেন।

প্রযুক্তির চরম অপব্যবহার এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে সাধারণ মানুষের একান্ত ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত প্রকাশ্যেই ফাঁস করে দেওয়া হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতার সঠিক মেলবন্ধন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের প্রসঙ্গ টানেন। বিজ্ঞান বা প্রযুক্তি যখন মানুষের নিয়ন্ত্রণ এবং নৈতিক সীমার বাইরে চলে যায়, তখন তা গোটা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনে বলে তিনি মন্তব্য করেন। তাই বর্তমান সময়ে সাইবার বুলিং এবং সাইবার যুদ্ধ সফলভাবে মোকাবিলা করার জন্য কঠোর আইন প্রণয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে আয়োজিত ওই সেমিনারে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। ওই প্রবন্ধে দেশের বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল সরকারি সেবাসমূহের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে নিয়মিত নিরাপত্তা যাচাই, দক্ষ বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সাইবার হুমকি প্রতিরোধের ওপর জোর দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments