বাড়িবিশ্বদল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী

দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার অধীন ক্রিসমাস দ্বীপে বনের ভেতর থেকে দল বেঁধে সাগরের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। সম্প্রতি স্থানীয় পরিবেশকর্মীরা এই অদ্ভুত ও দৃষ্টিনন্দন দৃশ্য সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেছেন। প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই এই দ্বীপের লাল কাঁকড়াগুলো বন, সড়ক ও সেতু পেরিয়ে সমুদ্রের পানে ছুটতে শুরু করে। তাদের এই বিশাল পদচারণায় পুরো রাস্তাঘাট এমনভাবে ঢেকে যায় যে মনে হতে পারে ওই দ্বীপে মানুষের কোনো অস্তিত্বই নেই।

অস্ট্রেলিয়ার পার্কস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চাঁদের অবস্থান এবং জোয়ার-ভাটার চক্রের ওপর ভিত্তি করে এই যাত্রার সঠিক সময় নির্ধারিত হয়। মূলত চাঁদের শেষ চতুর্থাংশে যখন জোয়ারের পানি নামতে থাকে এবং সূর্য ওঠার আগেই এই কাঁকড়াগুলো ডিম ছাড়ে। এই প্রাকৃতিক নিয়ম মেনেই বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা জঙ্গল ছেড়ে সমুদ্রের উপকূলের দিকে অভিসারে যায় এবং তাদের এই বিশেষ যাত্রার মূল উদ্দেশ্য হলো প্রজনন। ভারত মহাসাগরের প্রত্যন্ত এই দ্বীপটিতে কাঁকড়াদের এই যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় পরিবেশকর্মীদের কয়েক মাস আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিতে হয়।

ইন্দোনেশিয়ার দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বহু দূরে অবস্থিত ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস জানান, প্রতিবছর এই অপরূপ দৃশ্য উপভোগ করতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এই দ্বীপে ছুটে আসেন। তিনি আরও উল্লেখ করেন যে লাল কাঁকড়ার সংখ্যা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি সংরক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে হলুদ পাগল পিঁপড়ার বিস্তার রোধ করা এই কাঁকড়াদের টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি ছিল, কারণ এই প্রজাতির আক্রমণাত্মক পিঁপড়ারা লাল কাঁকড়ার সবচেয়ে বড় শত্রু হিসেবে পরিচিত।

উল্লেখ্য, বিরক্ত বা উত্তেজিত হলে অত্যন্ত দ্রুত ও অস্বাভাবিক ছোটাছুটি করার কারণে এই পিঁপড়াদের পাগল পিঁপড়া বলা হয়ে থাকে এবং এক সময় তারা কাঁকড়ার গর্ত দখল করে নিয়েছিল। ফলে বিপুলসংখ্যক লাল কাঁকড়া স্থানচ্যুত হলেও পরবর্তীতে কার্যকর পিঁপড়া নিয়ন্ত্রণ ও বিভিন্ন সংরক্ষণ উদ্যোগের কারণে তাদের সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। পরিবেশকর্মীদের হিসাব অনুযায়ী, এক সময় দ্বীপে কাঁকড়ার সংখ্যা পাঁচ কোটি থাকলেও বর্তমানে তা বেড়ে দশ কোটিরও বেশি হয়েছে। কাঁকড়ার এই সংখ্যা বৃদ্ধি তাদের সুস্থভাবে টিকে থাকার বড় লক্ষণ এবং তারা ক্রিসমাস দ্বীপের বনভূমির ভারসাম্য রক্ষা করে পুরো বাস্তুতন্ত্রকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments