রাজনীতি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো ধরনের শর্ত দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবাদমাধ্যমের কোনো খবরকে ভিনদেশি সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করার কোনো অবকাশ নেই। এ বিষয়ে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে কোনো আলোচনাও অনুষ্ঠিত হয়নি। রাজধানীর তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন খাতের অগ্রগতির চিত্র তুলে ধরার সময় তিনি এসব কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ভারত কোনো শর্ত আরোপ করবে, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব প্রয়োজন এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। কোনো ধরনের অন্যায় চাপ বা শর্তের কাছে সরকার মাথা নত করবে না উল্লেখ করে তিনি বলেন, আইনগতভাবে দেশের অবস্থান যেখানে সুরক্ষিত, সেখানে কোনো অযৌক্তিক চাপ মেনে নেওয়া হবে না।
দেশের বিভিন্ন স্থানে পলাতক রাজনৈতিক নেতাদের উসকানিতে সংঘটিত সহিংসতার কঠোর সমালোচনা করে জাহেদ উর রহমান জানান, ফৌজদারি অপরাধে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল, সভা-সমাবেশ ও পুলিশের ওপর হামলার মতো বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা চাকরিরত অবস্থায় নির্দিষ্ট কোনো দলের কার্যক্রমে যুক্ত থাকলে সেটিরও নজরদারি করা হচ্ছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে মেয়াদোত্তীর্ণ হতে চলা গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে বাংলাদেশ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ছাড়া শ্রমিকদের জীবনমান উন্নয়নে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে পোশাক শ্রমিকরা ভর্তুকি মূল্যে চাল কিনতে পারছেন। অন্যদিকে, সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসেবে সার্কাস ও যাত্রাপালা চালুর পক্ষে মত দিয়ে তিনি বলেন, তবে এর আড়ালে জুয়া, মাদক বা অশ্লীলতা বরদাশত করা হবে না।



