বাড়িবাংলাদেশচুল পড়া রোধে আসছে বিশেষ বৈদ্যুতিক চিরুনি, পরীক্ষায় চুল গজানোর সাফল্য ৯৮...

চুল পড়া রোধে আসছে বিশেষ বৈদ্যুতিক চিরুনি, পরীক্ষায় চুল গজানোর সাফল্য ৯৮ %

প্রযুক্তি ডেস্ক: চুল পড়া রোধ এবং নতুন চুল গজানোর চিকিৎসায় একটি অভিনব বায়োইলেকট্রনিক যন্ত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। দেখতে সাধারণ চিরুনির মতো হলেও এই বিশেষ যন্ত্রটি বৈদ্যুতিক ক্ষেত্রের মাধ্যমে চুলের গোড়ায় ওষুধ পৌঁছে দিতে সক্ষম। বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার ফলাফল সম্প্রতি নেচার কমিউনিকেশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা প্যাটার্ন হেয়ার লস সমস্যায় ভোগেন, আর এই প্রযুক্তির মাধ্যমে তাঁদের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিট্যাঙ্গল নামের এই চিরুনিতে বিভিন্ন উচ্চতার ইলেকট্রোডযুক্ত বৈদ্যুতিক দাঁত এবং ওষুধ সরবরাহের বিশেষ মডিউল রয়েছে। এর মাধ্যমে তৈরি স্পন্দিত বৈদ্যুতিক ক্ষেত্র চুলের ফলিকলের গভীরে প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় নয় গুণ বেশি ভেতরে প্রবেশ করতে পারে। যন্ত্রটি মূলত দুটি পদ্ধতিতে কাজ করে, যার প্রথমটি হলো বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে ফলিকলকে উদ্দীপিত করা এবং দ্বিতীয়টি হলো ইলেকট্রোপোরেশন প্রক্রিয়ায় ত্বকের গভীরে কার্যকর অণু পৌঁছে দেওয়া। এছাড়া গবেষণায় ভিইজিএফএ প্লাজমিড এবং এসআরডি৫ এ ২ এসআইআরএনএন নামের দুটি পরীক্ষামূলক জিনভিত্তিক চিকিৎসাপদ্ধতিও ব্যবহার করা হয়েছে।

গবেষকরা ইঁদুরের ওপর একাধিক ধাপে এই প্রযুক্তির কার্যকারিতা সফলভাবে পরীক্ষা করেছেন। টেস্টোস্টেরন প্রয়োগের মাধ্যমে ইঁদুরের চুল পড়ার সমস্যা তৈরি করে ২৮ দিন পর্যবেক্ষণ করা হয়। দেখা গেছে, কোনো চিকিৎসা ছাড়াই যেখানে মাত্র এক শতাংশ চুল ফিরেছিল, সেখানে শুধু বৈদ্যুতিক উদ্দীপনা প্রয়োগে চুল গজানোর হার প্রায় চল্লিশ শতাংশে পৌঁছায়। অন্যদিকে, প্রচলিত ওষুধ ফিনাস্টেরাইড ও মিনোক্সিডিল প্রয়োগে যথাক্রমে প্রায় পঞ্চাশ ও সত্তর শতাংশ চুল পুনরায় গজাতে দেখা যায়।

তবে বৈদ্যুতিক উদ্দীপনার সঙ্গে যখন পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতিগুলো যুক্ত করা হয়, তখন ফলাফল আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে। শুধুমাত্র এসআরডি৫ এ ২ এসআইআরএনএন প্রয়োগে প্রায় পঁচাশি শতাংশ এবং ভিইজিএফএ প্লাজমিড প্রয়োগে প্রায় নব্বই শতাংশ চুল ফিরে আসে। আর যখন ডিট্যাঙ্গলের পূর্ণাঙ্গ চিকিৎসায় বৈদ্যুতিক উদ্দীপনার সঙ্গে দুটি পরীক্ষামূলক পদ্ধতিই একসঙ্গে প্রয়োগ করা হয়, তখন চুল পুনরায় গজানোর হার প্রায় আটানব্বই শতাংশে পৌঁছায়।

বর্তমানে এই প্রযুক্তির কার্যকারিতা কেবল ইঁদুরের ওপর পরীক্ষামূলকভাবেই প্রমাণিত হয়েছে। মানুষের শরীরে এই পদ্ধতি কতটা নিরাপদ ও ফলপ্রসূ হবে, তা নিশ্চিত করতে আরও ব্যাপক গবেষণা প্রয়োজন। গবেষকদের মতে, ভবিষ্যতে মানুষের ওপরও যদি এই সাফল্য বজায় থাকে, তবে চুল পড়ার সমস্যায় ভোগা মানবজাতির জন্য এটি একটি বিপ্লব সৃষ্টি করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments