প্রযুক্তি ডেস্ক: বর্তমান ইন্টারনেটে এমন হাজার হাজার ওয়েবসাইট সক্রিয় রয়েছে যা কোনো মানুষের তত্ত্বাবধান ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে পরিচালিত হয়। গণমাধ্যম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিউজগার্ডের তথ্য অনুযায়ী সম্প্রতি ১৬টি ভাষায় এ ধরনের প্রায় চার হাজার অনির্ভরযোগ্য সংবাদভিত্তিক সাইট চিহ্নিত করা হয়েছে। কোনো ধরনের মানব সম্পাদক বা সাংবাদিকের উপস্থিতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে এসব সাইটে কনটেন্ট প্রকাশ করা হয়, যা সাধারণ পাঠকের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে।
এ ধরনের এআই দিয়ে তৈরি নিম্নমানের ও বিভ্রান্তিকর কনটেন্টকে প্রযুক্তি জগতে বলা হয়ে থাকে এআই স্লপ বা কৃত্রিম বুদ্ধিমত্তার জঞ্জাল। মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক আয় বৃদ্ধি করা এবং কখনো কখনো সুনির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই জঞ্জাল তৈরি করা হয়। চটকদার শিরোনাম এবং ঝরঝরে ভাষা ব্যবহারের কারণে প্রথম দেখায় এগুলোকে ভুয়া বলে বোঝার কোনো উপায় থাকে না, ফলে ব্যবহারকারীরা সহজেই প্রতারণার শিকার হন।
এসব স্বয়ংক্রিয় সাইটের মাধ্যমে ভুল বা ভুয়া তথ্য অত্যন্ত দ্রুতগতির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাঠকদের ফিডে ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে চিহ্নিত সাইটগুলোর ভাষার তালিকায় বাংলা সরাসরি যুক্ত না থাকলেও বিদেশি বিভিন্ন ভাষা থেকে অনূদিত হয়ে এই ক্ষতিকর তথ্যগুলো খুব সহজেই আমাদের ডিজিটাল পরিসরে চলে আসছে। সংবাদ প্রকাশের পেছনে কোনো দায়িত্বশীল মানুষ বা সম্পাদক না থাকায় ভুল সংশোধনের বা জবাবদিহির কোনো সুযোগ এখানে থাকে না।
ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া এসব বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পাঠকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কোনো সংবাদ পড়ার সময় প্রথমেই খেয়াল রাখতে হবে সেখানে নির্দিষ্ট কোনো লেখক বা সম্পাদকের পরিচয় দেওয়া আছে কি না। এছাড়া সংশ্লিষ্ট ওয়েবসাইটের যোগাযোগের ঠিকানা বা প্রাতিষ্ঠানিক নির্ভরযোগ্যতা যাচাই করা এবং কোনো চাঞ্চল্যকর খবর দেখলে তা অন্য কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমের সঙ্গে মিলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।



